মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ হোসেন বাবুল আর নেই। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ১১টার দিকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে বার্ধক্যজনিত কারণে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (১৬ অক্টোবর) বাদ জুমা মুন্সীগঞ্জ শহর জামে মসজিদে (বড় মসজিদ) তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নিয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।
মোহাম্মদ হোসেন বাবুল মুন্সীগঞ্জের রাজনীতির এক পরিচিত ও সংগ্রামী ব্যক্তিত্ব ছিলেন। ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা পালনকারী এই নেতা স্বাধীনতা-পরবর্তী সময়ে হরগঙ্গা কলেজের সাবেক ভিপি হিসেবে দায়িত্ব পালন করেন। মহান মুক্তিযুদ্ধে মুন্সীগঞ্জ সদর, টঙ্গীবাড়ী ও গজারিয়া অঞ্চলে বিএলএফ কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। তিনি বীর মুক্তিযোদ্ধা কমান্ডার হিসেবেও পরিচিত ছিলেন।
এ ছাড়া স্বৈরাচারী এরশাদবিরোধী আন্দোলনে অংশ নিয়ে দীর্ঘদিন কারাবরণ করেন হোসেন বাবুল। রাজনৈতিক জীবনে তিনি মুন্সীগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন। তাঁর বাড়ি মুন্সীগঞ্জ শহরের জগধাত্রীপাড়া এলাকায়।
তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মুন্সীগঞ্জের রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে। তাঁর মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গভীর শোকের সৃষ্টি হয়েছে।
মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করা হয়েছে। আল্লাহ তাআলা তাঁর সকল ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন। আমিন।