মুন্সীগঞ্জের খালইস্টে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ২০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জ সদর থানাধীন খালইস্ট এলাকার আফতাব টাওয়ারের সামনের পাকা সড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, খালইস্ট এলাকার বাসিন্দা জুবায়ের আল বাঁধন (৩১) এবং হোগলাকান্দি এলাকার বাসিন্দা শামীম শুভ (২৬)। জুবায়ের খালইস্ট এলাকায় ফারুকের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। শামীমের বর্তমান ঠিকানা পূর্ব নতুনগাঁও এলাকায়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের গলিতে।
মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, পুলিশ সুপারের নির্দেশনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণে বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক (এসআই) রাশেদ মুন্সীর নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে ওই দুজনকে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে।
এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ অপরাধ ও অপরাধীদের বিষয়ে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে।