নিজস্ব প্রতিবেদক, মুন্সিগঞ্জ:
মুন্সিগঞ্জ সদর থানার পশ্চিম মুক্তারপুর এলাকায় একটি ছয় তলা ভবনের ছাদে বিশাল আকৃতির একটি বিলবোর্ড মারাত্মকভাবে ভেঙে পড়েছে। দীর্ঘ ১৫ দিন ধরে এটি এই বিপজ্জনক অবস্থায় ঝুলে থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা বিজ্ঞাপন সংস্থা এটি অপসারণে কোনো পদক্ষেপ নেয়নি। ফলে যেকোনো মুহূর্তে এটি নিচে ভেঙে পড়ে বড় ধরনের প্রাণহানি বা দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। ঘটনাটিকে কেন্দ্র করে নিচের ও আশেপাশের সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে।সরেজমিনে এবং প্রাপ্ত ছবিতে দেখা যায়, ভবনের ছাদে থাকা লোহার বিশাল কাঠামোটি অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে হেলে পড়েছে। এর লোহার অ্যাঙ্গেল এবং জোড়াগুলো মচকে গেছে, যা যেকোনো তীব্র বাতাস বা সামান্য আঘাতেই নিচে ধসে পড়তে পারে। নিচের থাকা বাড়ি ঘরের উপর ও সংলগ্ন এলাকায় প্রতিনিয়ত সাধারণ মানুষ ও যানবাহন চলাচল করছে, যার ফলে এই ভেঙে পড়া বিলবোর্ডটি এখন একটি চলন্ত ডেথ-ট্র্যাপ বা মৃত্যুফাঁদে পরিণত হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, যে ভবনটির ওপর এই বিপজ্জনক বিলবোর্ডটি দাঁড়িয়ে আছে, এ বিষয়টি নিয়ে বাড়ির মালিক সুমন মাদবর কে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন আমরা এই বিল্ডিং এ যত লোক বসবাস করি সবাই ভুক্তভোগী কারণ এই বিল্ডিং এর পানির পাইপ ভেঙ্গে আমরা সমস্যা ভোগ করতেছি ,বিলবোর্ড কোম্পানিকে আমি কয়েকবার ফোনে জানানোর পরও তারা পদক্ষেপ নিচ্ছে না ১৫ দিন পার হয়ে গেলেও কাজের কাজ কিছুই হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা প্রতিদিন এই রাস্তা দিয়ে আতঙ্কের মধ্যে যাতায়াত করি। ওপরের দিকে তাকালে বুক কেঁপে ওঠে। একটা বড় ঝড় বা বাতাস আসলেই এটা নিচে পড়বে। এখানে মানুষের জীবন নিয়ে খেলা করা হচ্ছে। বাড়িওয়ালা আর কোম্পানি কেবল একে অপরকে দেখাচ্ছে, কিন্তু আমাদের নিরাপত্তার কথা কেউ ভাবছে না।”
বিশেষজ্ঞ ও সচেতন মহলের মতে, জননিরাপত্তা বিঘ্নিত করে এভাবে জনবহুল এলাকায় ঝুঁকিপূর্ণ কাঠামো ঝুলিয়ে রাখা আইনত দণ্ডনীয় অপরাধ।
স্থানীয় এলাকাবাসী এই সংবাদের মাধ্যমে সংশ্লিষ্ট বিজ্ঞাপন প্রস্তুতকারী কোম্পানি ও ভবন মালিককে অবিলম্বে এই বিপজ্জনক বিলবোর্ডটি অপসারণের জোরালো দাবি জানিয়েছেন। একই সাথে কোনো বড় দুর্ঘটনা ঘটার আগেই মুন্সিগঞ্জ জেলা প্রশাসন, পৌরসভা ও স্থানীয় পুলিশ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন তারা।