নিজস্ব প্রতিনিধি, মুন্সীগঞ্জ
মুন্সীগঞ্জে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের নিয়মিত অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ বিভিন্ন মামলায় মোট ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে মাদক ব্যবসায়ী, প্রিভেন্টিভ মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও নিয়মিত মামলার আসামি রয়েছেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, মাদকদ্রব্য উদ্ধার এবং বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে জেলার সব থানা ও ইউনিটে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট থানা ও ইউনিটের ইনচার্জসহ পুলিশ সদস্যদের মাঠপর্যায়ে সক্রিয় থেকে কঠোরভাবে অভিযান পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।
এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে প্রিভেন্টিভ, নিয়মিত মামলা, মাদক ও অন্যান্য উদ্ধারজনিত মামলা এবং আদালতের পরোয়ানামূলে সর্বমোট ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের অভিযানে ২৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১৬ জনকে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে ৫৮০ গ্রাম গাঁজাসহ আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশ আরও জানায়, মাদকদ্রব্যের বিস্তার রোধ এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন মামলার পলাতক ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারেও অভিযান জোরদার করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জেলার কোথাও অপরাধ বা মাদকসংক্রান্ত কোনো তথ্য পাওয়া গেলে তা দ্রুত পুলিশকে জানাতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।