মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জে টঙ্গী বাড়িতে আজ ১৪ই নভেম্বর শুক্রবার মুন্সীগঞ্জ-২ আসনের আওতাধীন টংগীবাড়ি-আড়িয়ল বাজার এলাকায় ব্যাপক গণসংযোগ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ও পীর সাহেব চরমোনাই মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব কে. এম. বিল্লাল হোসাইন।
গণসংযোগকে কেন্দ্র করে বাজার এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। স্থানীয় জনতা, ব্যবসায়ী, তরুণ-যুবক ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা ঢলে পড়ে।
গণসংযোগকালে আলহাজ্ব কে. এম. বিল্লাল হোসাইন জনগণের দোয়া ও সমর্থন কামনা করে বলেন— “এই আসনে জনতার সেবা ও ন্যায়ের রাজনীতি প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য। অতীতের অবহেলা-অনিয়ম দূর করে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য এবং নৈতিক সমাজ গঠনে হাতপাখা প্রতীককে বিজয়ী করতেই হবে।”
তিনি আরও বলেন, “জনগণ পরিবর্তন চায়। একটি পরিচ্ছন্ন, সুশাসিত ও নিরাপদ মুন্সিগঞ্জ গড়তে আল্লাহর সাহায্য এবং আপনাদের ভালোবাসাই আমাদের শক্তি।”
গণসংযোগে স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা জনগণের হাতে নির্বাচনী লিফলেট বিতরণ করেন এবং উন্নয়ন ও ন্যায়ের রাজনীতির প্রতিশ্রুতি তুলে ধরেন। পুরো বাজারজুড়ে হাতপাখার প্রতি অকুণ্ঠ সমর্থন ও উৎসাহ লক্ষ্য করা যায়।