নিজস্ব প্রতিবেদক:
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বেপরোয়া গতিতে বাস চালিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটিয়ে দুই শ্রমিকের মৃত্যুর ঘটনায় পলাতক বাসচালক মনিরুল ইসলাম (৩১)কে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার (৬ জুন) বিকেল ৪টার দিকে র্যাব-১০ এর সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় র্যাব-৬ এর সহযোগিতায় মাগুরা সদর উপজেলার শক্রজিৎপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মনিরুল ইসলামের বাড়ি মাগুরা সদর উপজেলার বিষ্ণুপুর এলাকায়।
র্যাব জানায়, গত ৩ জুন দুপুর আড়াইটার দিকে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রক্ষণাবেক্ষণ কাজ চলাকালে কোরিয়া এক্সপ্রেসওয়ে করপোরেশনের একটি রক্ষণাবেক্ষণ গাড়িকে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে ধাক্কা দেয়। এতে কোরিয়া এক্সপ্রেসওয়ে করপোরেশনের ছয়জন কর্মী গুরুতর আহত হন।
আহতদের দ্রুত মিটফোর্ড মেডিকেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জামাল হাওলাদার (৪১) ও মাহফুজ মোল্লা (৩০)কে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর বাসচালক মনিরুল ইসলাম ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ ঘটনায় কোরিয়া এক্সপ্রেসওয়ে করপোরেশনের পেট্রোল ম্যানেজার মো. আমিনুর রহমান (৬২) বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তার প্রেরিত অধিযাচনপত্রের ভিত্তিতে র্যাব অভিযান চালিয়ে পলাতক আসামিকে গ্রেফতার করে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানিয়েছে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।