নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় চলতি মাসের বেতন ও অর্জিত ছুটির পাওনা পরিশোধের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকেরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। পরে পুলিশ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়। এতে অবরোধের কারণে সৃষ্ট যানজট প্রায় দুই ঘণ্টা পর স্বাভাবিক হতে শুরু করে।
মঙ্গলবার (২৬ মে) দুপুরে উপজেলার টিপরদী এলাকায় ‘চৈতি কম্পোজিট লিমিটেড’ কারখানার সামনে এ ঘটনা ঘটে।
শিল্প পুলিশ-৪ এর গোয়েন্দা শাখার পরিদর্শক আনোয়ারুল হক বলেন, দুপুর ১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মহাসড়কটি অবরোধ করে বিক্ষোভ করেন কারখানার শ্রমিকেরা। পরে শিল্প পুলিশ, জেলা পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ তৎপরতায় শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।
এদিকে শ্রমিকদের অভিযোগ, এপ্রিল মাসের বকেয়া বেতন এখনও পরিশোধ করা হয়নি। পাশাপাশি আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে মে মাসের বেতন ও উৎসব বোনাস দ্রুত পরিশোধের দাবি জানান তারা। তবে, মালিকপক্ষ একসঙ্গে সব অর্থ পরিশোধে অপারগতার কথা জানালে শ্রমিকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।