মুন্সীগঞ্জে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর জেলা পর্যায়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস, মুন্সীগঞ্জের আয়োজনে প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ, অতিরিক্ত পুলিশ সুপার মো. বিল্লাল হোসেন, পিপিএম, জেলা শিক্ষা অফিসার শরিফুল ইসলাম, মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপুসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।
এবারের জেলা পর্যায়ের প্রতিযোগিতায় জেলার বিভিন্ন মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সাঁতার, কাবাডি, হ্যান্ডবল ও দাবা ইভেন্টে বালক ও বালিকা উভয় বিভাগে অংশগ্রহণ করে। কয়েকদিনব্যাপী প্রতিযোগিতায় শিক্ষার্থীরা নিজেদের দক্ষতা ও ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে। প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের নির্বাচন করা হয়।
জেলা পর্যায়ের হ্যান্ডবল (বালক) বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কাজীর পাগলা অভয় তালুকদার ইনস্টিটিউশন, লৌহজং। একই ইভেন্টের বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয় বালিগাঁও উচ্চ বিদ্যালয়।
অন্যদিকে কাবাডি (বালক) বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে মুন্সীগঞ্জ উচ্চ বিদ্যালয় এবং কাবাডি (বালিকা) বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করেছে বালিগাঁও উচ্চ বিদ্যালয়। অন্যান্য ইভেন্টেও শিক্ষার্থীরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় অংশ নিয়ে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, শুধু শ্রেণিকক্ষের পড়াশোনা নয়, শিক্ষার্থীদের পরিপূর্ণ বিকাশে খেলাধুলারও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মানসিক দৃঢ়তা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে ওঠে।
বক্তারা আরও বলেন, বর্তমান প্রজন্মকে মাদক, অসামাজিক কর্মকাণ্ড ও বিভিন্ন নেতিবাচক প্রবণতা থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাই পড়াশোনার পাশাপাশি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ তৈরি করতে হবে।
অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থী ও চ্যাম্পিয়ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক-শিক্ষার্থীদের অভিনন্দন জানানো হয়। পাশাপাশি ভবিষ্যতে বিভাগীয় ও জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় মুন্সীগঞ্জের শিক্ষার্থীরা আরও ভালো ফলাফল অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।
পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় জেলার ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর জেলা পর্যায়ের আয়োজন।