মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জ সদর উপজেলার হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল ৪টায় পুলিশ-জনতা মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
যুবসমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা এবং খেলাধুলার মাধ্যমে সুস্থ বিনোদনে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাকির হোসেন জমাদার।
এ সময় উপস্থিত ছিলেন বিট অফিসার অমল কুমার, তিনবারের সাবেক ইউপি সদস্য নুরুল হক মোল্লা, মুন্সীগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামীম ওসমান ভূঁইয়া, পুলিশ কনস্টেবল মিঠু, হাবিবুল্লাহ খান, ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ওসমান সরদার, ৮ নম্বর ওয়ার্ডের সদস্য হানিফ মেম্বার, আল আমিন সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আয়োজকরা জানান, মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি যুবকদের খেলাধুলামুখী করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খেলাকে ঘিরে স্থানীয় দর্শকদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।