মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জ শহরের পুরাতন কাচারি এলাকার ক্ষুদ্র ও হকার ব্যবসায়ীদের সঙ্গে শহরের ফুটপাত দখলমুক্ত রাখা, যানজট নিরসন ও জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ১২টার দিকে মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে পুরাতন কাচারি এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান।
এ সময় আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম; জেলা পরিষদের প্রশাসক এ. কে. এম. ইরাদত; স্থানীয় সরকারের উপপরিচালক মৌসুমী মাহবুব; অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার; মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু, সাধারণ সম্পাদক গোলজার হোসেনসহ হকার, ক্ষুদ্র ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্টরা।
সভায় জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, মুন্সীগঞ্জ শহরের ফুটপাত কোনোভাবেই দখল হতে দেওয়া হবে না। অবৈধ দখল ও অপরিকল্পিত স্থাপনার কারণে শহরকে জঞ্জালের শহরে পরিণত হতে দেওয়া হবে না। জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা প্রশাসনের অন্যতম দায়িত্ব।
তিনি বলেন, অবৈধভাবে স্থাপিত দোকান, অস্থায়ী স্থাপনা এবং ফুটপাতের ওপর দখল নিজ নিজ দায়িত্বে স্বেচ্ছায় সরিয়ে নিতে হবে। একজন সুনাগরিক হিসেবে ব্যবসায়ীরা প্রশাসনের চলমান কার্যক্রমে সহযোগিতা করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জেলা প্রশাসক আরও বলেন, অল্প কিছু মানুষের ব্যবসায়িক সুবিধার জন্য মুন্সীগঞ্জ শহরের প্রায় সাড়ে পাঁচ লাখ মানুষকে দুর্ভোগে ফেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ফুটপাত ও সড়কের জায়গা দখলের কারণে পথচারীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। পাশাপাশি যানজট ও জনদুর্ভোগও দিন দিন বাড়ছে।
তিনি ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, জনসাধারণের স্বার্থ ও শহরের সার্বিক শৃঙ্খলার কথা বিবেচনা করে নির্ধারিত ও বৈধ স্থানে ব্যবসা পরিচালনা করতে হবে। অবৈধ দখল স্বেচ্ছায় সরিয়ে নিয়ে প্রশাসনের চলমান কার্যক্রমে সহযোগিতা করলে শহরের পরিবেশ ও চলাচল ব্যবস্থা আরও সুন্দর ও সুশৃঙ্খল করা সম্ভব হবে।
মতবিনিময় সভায় পুরাতন কাচারি এলাকার ব্যবসায়ীরা তাদের বিভিন্ন সমস্যা ও দাবির কথা তুলে ধরেন। একই সঙ্গে ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখা, যানজট নিরসন, পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং ক্ষুদ্র ও হকার ব্যবসায়ীদের ব্যবসা-বাণিজ্য আরও সুশৃঙ্খলভাবে পরিচালনার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় প্রশাসনের পক্ষ থেকে শহরের সৌন্দর্য, জনস্বার্থ ও যান চলাচলের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যবসায়ীদের সহযোগিতার আহ্বান জানানো হয়।