মুন্সীগঞ্জ প্রতিনিধি:
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে মুন্সীগঞ্জ ডায়াবেটিস হাসপাতালে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু সচেতনতা অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে হাসপাতাল প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় এ পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়।
অভিযানে হাসপাতাল ও আশপাশে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। একই সঙ্গে বিভিন্ন স্থানে পানি জমে এডিস মশার প্রজননস্থল তৈরি হয়েছে কি না, তা পর্যবেক্ষণ করা হয়।
অভিযানকালে ডেঙ্গু প্রতিরোধে বাড়ি ও কর্মস্থলের আশপাশে পানি জমতে না দেওয়া, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়।
আয়োজকরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর করলে হবে না। এডিস মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম ও জনসচেতনতা বাড়াতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব।
অভিযানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ ডায়াবেটিস সমিতির সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান, মুন্সীগঞ্জ জেলা বার-এর সভাপতি ও মুন্সীগঞ্জ ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তোতা মিয়া, শাহজাহান সিকদার, ডা. হেলাল, রশীদ আহমদ ও অ্যাডভোকেট নাছিমা আক্তার।
এ ছাড়া জনশক্তি যুব উন্নয়ন সংস্থার সভাপতি ফারজানা আক্তার, সাংগঠনিক সম্পাদক বিউটি আক্তারসহ সংগঠনের সদস্যরা পরিচ্ছন্নতা ও ডেঙ্গু সচেতনতা কার্যক্রমে অংশ নেন।
আয়োজকরা জানান, এ অভিযান একদিনের কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। ধারাবাহিকভাবে মুন্সীগঞ্জ ডায়াবেটিস হাসপাতালসহ বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা ও ডেঙ্গু সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হবে।
তারা আশা প্রকাশ করেন, এ ধরনের কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের সচেতনতা আরও বাড়বে এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সবাই এগিয়ে আসবেন।