মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জ জেলা পুলিশের আয়োজনে পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) মুন্সীগঞ্জ জেলা পুলিশ লাইন্সে সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ পরিবেশে এ প্যারেড অনুষ্ঠিত হয়।
প্যারেডে সালামি গ্রহণ ও পরিদর্শন করেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম। এসময় তিনি উপস্থিত অফিসার ও ফোর্সের শারীরিক ফিটনেস, টার্নআউট এবং শৃঙ্খলার সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি দায়িত্ব পালনে আরও মনোযোগী হওয়ার নির্দেশনা প্রদান করেন।
পরবর্তীতে তিনি উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য দেন। বক্তব্যে শৃঙ্খলা বজায় রাখা, ড্রেসরুলস মেনে চলা, স্বাস্থ্য সচেতনতা, পরিচ্ছন্নতা রক্ষা এবং জনসাধারণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণের ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি সমুন্নত রাখতে করণীয় ও বর্জনীয় বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
প্যারেড অধিনায়কের দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ বিল্লাল হোসেন পিপিএম।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) কামরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (মুন্সীগঞ্জ সার্কেল) মোঃ ইমরান আহম্মেদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মোঃ আনিসুর রহমান, সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) আনোয়ার পারভেজসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জ এবং জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।