মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জ সদর উপজেলার কাচারি, মসজিদ মার্কেটসহ বিভিন্ন এলাকায় রাত ৮টার পর সকল দোকানপাট বন্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যা ৮টার পর পরিচালিত এ অভিযানে কয়েকটি দোকান খোলা পাওয়া গেলেও সংশ্লিষ্টদের দ্রুত দোকান বন্ধ করে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। পরে তারা দোকানপাট বন্ধ করে দেন।
জনস্বার্থে ও সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর দোকানপাট খোলা রাখলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।