মুন্সীগঞ্জ প্রতিনিধি-
মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কাজিয়ারচর মেঘনা নদীর খালে মাছ ধরাকে কেন্দ্র করে মারপিটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বৃহস্পতিবার ( ৭ আগস্ট) সকালে মুন্সীগঞ্জ আমলি আদালতে বাংলাবাজার ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মতিন খাঁ ও তার ৩ ছেলেকে অভিযুক্ত করে একই গ্রামের মৃত রেজ্জেক বেপারীর ছেলে নান্নু বেপারী (৬১) বাদীহয়ে আদালতে মামলা করেন।
শুনানী শেষে আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহসিনা হোসেন তুষি মামলাটি গ্রহণপূর্বক ঘটনার বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য ডিবি ইনচার্জকে নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন ওই আদালতের বেঞ্চ সহকারী মোয়াজ্জেম হোসেন।
মামলার অপরাপর অভিযুক্তরা হলেন, অভিযুক্ত মতিন খাঁ এর ছেলে মুন্না খা (২৫), নাসির খাঁ (৩৫) ও শাকিল খাঁ (৩০)।
মামলা সূত্রে জানা গেছে, গেল মঙ্গলবার ( ৫ আগস্ট) সকাল ৮ টার দিকে কাজিয়ার চর মেঘনা নদীর খালে অভিযোগকারীর ছেলে অনিক বেপারী (১৮) মাছ ধরতে গেলে অভিযুক্ত মতিন ও তার ছেলেরা মাছ ধরতে নিষেধ করে। এসময় লাঠিসোঁটা লোহার রড দিয়ে মতিনসহ অন্যান্যরা অনিককে মারপিট করে গুরুতর জখম করে। এছাড়াও অভিযুক্ত মুন্না খা দরি দিয়ে অনিকের হাত পা বেঁধে গাছে ঝুলিয়ে রাখে। এসময় অভিযুক্ত নাছির খা অনিককে লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।
এ ব্যাপারে অভিযুক্ত মতিন খাঁ এর মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
অভিযোগকারী নান্নু বেপারী জানান, আমার ছেলে অনিক গত মঙ্গলবার মেঘনার খালে মাছ ধরতে গেলে মতিন খা ও তার ছেলেরা অনিককে হত্যার উদ্দেশ্যে মারধর করায় আজ আমি কোর্টে এসে মামলা করেছি।