মুন্সীগঞ্জ প্রতিনিধি:
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও জেলার বিভিন্ন সড়কে ঝটিকা মিছিলের আশঙ্কায় মুন্সীগঞ্জে বিশেষ চেকপোস্ট ও অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। এ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৩১ সদস্যকে তিনটি হায়েস মাইক্রোবাসসহ গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে ভোর পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকায় এ বিশেষ চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হয়। পুলিশের কাছে তথ্য ছিল, যেকোনো সময় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে কিংবা জেলার বিভিন্ন সড়কে ঝটিকা মিছিলের চেষ্টা হতে পারে। এরই পরিপ্রেক্ষিতে জেলার প্রত্যেকটি থানা এলাকায় পুলিশের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের একটি চেকপোস্টে রাত আনুমানিক ১টা ২০ মিনিটে প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের গেটের সামনে একটি হায়েস মাইক্রোবাস থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১০ সদস্যকে গ্রেপ্তার করা হয়।
এরপর রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে মুন্সীগঞ্জ সদর থানাধীন হাতিমারা মোড়ে হাতিমারা তদন্তকেন্দ্রের পরিচালিত চেকপোস্টে একটি হায়েস গাড়িতে থাকা আরও ১১ জনকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, শ্রীনগর থানাধীন ছনবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় রাত আনুমানিক ২টার দিকে চেকপোস্ট পরিচালনার সময় একটি হায়েস মাইক্রোবাস থেকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের আরও ১০ সদস্যকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, তিনটি গাড়িতে তল্লাশি চালিয়ে মাস্কসহ ‘নৌকা মার্কায় ভোট দিন’ লেখা বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
সব মিলিয়ে জেলার বিভিন্ন চেকপোস্টে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৩১ জন সদস্যকে তিনটি হায়েস মাইক্রোবাসসহ গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে মুন্সীগঞ্জ জেলা পুলিশ।