নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের ছয়টি পূজামণ্ডপে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য আর্থিক সহায়তা প্রদান করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ মোহাম্মদ হাবিবুর রহমান। ব্যক্তিগত উদ্যোগে তিনি এ সহায়তা প্রদান করেন।
সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টার দিকে নিজ বাসভবনে পঞ্চসার ইউনিয়নের ছয়টি পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে এ আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন পঞ্চসার ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোক্তার হোসাইন, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি শহীদুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. জুলহাস আহমেদ, ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোহাম্মদ রাশিদুল হাসান রাশেদ, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সেক্রেটারি মো. নুরুজ্জামানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
আর্থিক সহায়তা প্রদান প্রসঙ্গে সংশ্লিষ্টরা জানান, ধর্মীয় উৎসবকে আনন্দময় ও নির্বিঘ্ন করতে এ ধরনের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতেও এ ধরনের উদ্যোগ সহায়ক।
স্থানীয়ভাবে দুর্গাপূজা উপলক্ষে এ উদ্যোগকে ধর্মীয় সম্প্রীতি ও উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।