মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৬০০ পিস ইয়াবা ও চার বোতল ফারডিলসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ১১টা ৫০ মিনিটের দিকে মুন্সীগঞ্জ সদর থানার নয়াগাঁও পূর্বপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই (নিঃ) সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় নয়াগাঁও পূর্বপাড়ার আব্দুর রহিম মাদবরের বসতঘরের সামনের ফাঁকা জায়গা থেকে মো. শরীফ হোসেন (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৬০০ পিস ইয়াবা ও চার বোতল ফারডিল উদ্ধার করা হয়।
গ্রেপ্তার শরীফ হোসেন নয়াগাঁও পূর্বপাড়ার বাসিন্দা এবং আব্দুর রহিমের ছেলে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে এবং এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।