গোলাপ জল দিয়ে গোসল করে আওয়ামী লীগ ছাড়লেন মুন্সীগঞ্জের বজ্রযোগিনী ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের (চুরাইন) সাধারণ সম্পাদক ইউপি সদস্য আলী হোসেন মৃধা। তিনি পেশায় একজন ডেকোরেটার ব্যবসায়ী। ৫ ই আগষ্টের পর অনেক আওয়ামী লীগ নেতা বাড়ি ছেড়ে পালালেও তিনি বাড়িতেই ছিলেন।
আলী হোসেন মৃধা জানান, তার পরিবারের কেউই রাজনীতির সাথে জড়িত ছিলেন না। তিনি বাধ্য হয়েই নিজের ব্যবসা টিকিয়ে রাখতে ২০১৬ সালে আওয়ামী রাজনীতির সাথে জড়িয়ে পড়েন। তিনি আর কখনো রাজনীতি করবেন না বলে অঙ্গীকার করেন। রাজনীতির বাইরে থেকে সব সময় সাধারণ মানুষের জন্য কাজ করে যেতে চান বলে তিনি সাংবাদিকদের জানান।
স্থানীয়দের তথ্য সুত্রে জানা যায়, আলী হোসেন মৃধা আওয়ামীলীগে যোগদানের পর নির্বাচনী প্রচারণায় ব্যাপক শোডাউন করেন এবং বজ্রযোগিনী ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থীর জয় নিশ্চিত করেন।