মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ শহরের সুপার মার্কেট এলাকায় অবস্থিত মডার্ন ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এক রোগীর কেবিন থেকে নগদ টাকা ও গয়না চুরির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী ময়না বেগম মুন্সীগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ময়না বেগম (৩৬), স্বামী- হাসেম, সাং- বিনোদপুর, পঞ্চসার ইউনিয়নের বাসিন্দা। তিনি তার মেয়ে পুতুলের স্তন টিউমারের অস্ত্রোপচারের জন্য গত কয়েকদিন আগে মডার্ন ক্লিনিকে ভর্তি হন। অপারেশন শেষে মেয়েকে তৃতীয় তলার ২১নং কেবিনে রাখা হয় এবং ময়না বেগম নিজেও সেখানেই অবস্থান করছিলেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, বুধবার (৯ অক্টোবর) রাত আনুমানিক ২টার দিকে ঘুমিয়ে পড়ার পর ভোর ৫টার দিকে ঘুম থেকে উঠে দেখেন— তার মাথার পাশে থাকা ব্যাগের চেইন খোলা এবং ভিতরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় রয়েছে। পরে ব্যাগ তল্লাশি করে দেখা যায়, ব্যাগে থাকা নগদ ১৭ হাজার টাকা ও প্রায় ৫ ভরি রূপার এক জোড়া নুপুর (মূল্য আনুমানিক ১৫ হাজার টাকা) চুরি হয়ে গেছে।
ভুক্তভোগীর অভিযোগ, রাত ২টা থেকে ভোর ৫টার মধ্যে কোনো এক সময় অজ্ঞাতনামা চোর বা চোরেরা কেবিনে প্রবেশ করে টাকা ও গয়না নিয়ে যায়। এতে তিনি প্রায় ৩২ হাজার টাকার ক্ষতির শিকার হন।
তিনি জানান, বিষয়টি ক্লিনিক কর্তৃপক্ষকে অবহিত করা হলেও তারা কোনো পদক্ষেপ না নিয়ে উল্টোপাল্টা কথা বলেছেন। চুরি হওয়া টাকার বিকাশে উত্তোলনের প্রমাণ তার মোবাইল ফোনে সংরক্ষিত আছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে মডার্ন ক্লিনিক কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তবে অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ।