মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মিরকাদিম পৌর বিএনপির সাংগঠনিক কার্যক্রম ও নেতৃত্ব নিয়ে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দলের দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখা এবং তৃণমূলের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত নেতাদের মধ্য থেকে নেতৃত্ব নির্বাচনের দাবি উঠেছে। এ ক্ষেত্রে বর্তমান পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও পৌর যুবদলের পরিচিত মুখ আনোয়ার হোসেন আনুর নাম সামনে এসেছে।
তৃণমূলের নেতাকর্মীদের দাবি, ছাত্রনেতা হিসেবে রাজনৈতিক পথচলা শুরু করে দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বেড়ে ওঠা আনোয়ার হোসেন আনু দলের দুঃসময়ে মাঠে সক্রিয় ছিলেন। বিভিন্ন সময়ে রাজনৈতিক হয়রানি, হামলা-মামলা ও কারাবরণের মধ্য দিয়েও তিনি দলীয় কর্মকাণ্ডে সক্রিয় থাকার চেষ্টা করেছেন বলে দাবি করেন তার অনুসারীরা।
এ ছাড়া ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময়ও তিনি সামনের সারিতে থেকে আন্দোলনকে বেগবান করতে সক্রিয় ভূমিকা রাখার চেষ্টা করেন বলে স্থানীয় নেতাকর্মীরা জানান। ওই সময় মুন্সীগঞ্জ সদর থানায় জুলাই আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া দুটি মামলায় তাকেও আসামি করা হয়েছিল বলে জানা গেছে।
তৃণমূল বিএনপি নেতাকর্মীদের ভাষ্য, দলের আন্দোলন-সংগ্রামে যারা মাঠে ছিলেন এবং দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থেকেছেন, ভবিষ্যৎ নেতৃত্ব নির্বাচনে তাদের মূল্যায়ন করা প্রয়োজন। তাদের মতে, আনোয়ার হোসেন আনুর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও তৃণমূলের সঙ্গে যোগাযোগ বিবেচনায় নিয়ে তাকে মিরকাদিম পৌর বিএনপির দায়িত্বশীল পদে দেখতে চান তারা।
তারা আরও বলেন, পৌর বিএনপির নেতৃত্বে এমন ব্যক্তিদের প্রয়োজন, যারা দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবেন, সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করবেন এবং যেকোনো পরিস্থিতিতে মাঠে থেকে দলকে নেতৃত্ব দিতে পারবেন।
এ বিষয়ে তৃণমূলের একাধিক নেতাকর্মী বলেন, “আনোয়ার হোসেন আনু দীর্ঘদিন ধরে রাজনীতির মাঠে সক্রিয়। ছাত্রনেতা থেকে যুবদলের নেতৃত্বে উঠে আসার পাশাপাশি আন্দোলন-সংগ্রামে তার ভূমিকা রয়েছে। তাই আমরা তাকে মিরকাদিম পৌর বিএনপির দায়িত্বশীল পদে দেখতে চাই।”
তবে মিরকাদিম পৌর বিএনপির নতুন কমিটি গঠন বা নেতৃত্ব নির্ধারণের বিষয়ে দলীয়ভাবে চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট সাংগঠনিক কর্তৃপক্ষই নেবে। তৃণমূলের প্রত্যাশা, আগামী কমিটিতে ত্যাগী, পরীক্ষিত ও মাঠপর্যায়ে সক্রিয় নেতাদের যথাযথ মূল্যায়ন করা হবে।