মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় সমুজ আলী (৪৮) নামে এক পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ বেজুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সমুজ আলী মাধবপুরের আন্দিউড়া ইউনিয়নের মীরনগর গ্রামের কালু মিয়ার ছেলে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ জানায়, দুপুরে সমুজ আলী রাস্তা পার হওয়ার সময় একটি অজ্ঞাতনামা গাড়ি তাকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান বলেন, দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।