মুন্সীগঞ্জ প্রতিনিধি:
আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের সাততুল্লা ব্রিজে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। খেলা-প্রেমী এলাকাবাসীর নিজস্ব অর্থায়নে ব্রিজটি আর্জেন্টিনা ও ব্রাজিলের রঙিন পতাকা দিয়ে সজ্জিত করা হয়েছে।
স্থানীয়দের উদ্যোগে ব্রিজের দুই পাশে সারিবদ্ধভাবে টাঙানো হয়েছে দুই জনপ্রিয় ফুটবল দলের পতাকা। এতে করে ব্রিজটি নতুন রূপ ধারণ করেছে এবং পথচারীদের দৃষ্টি আকর্ষণ করছে। বিশেষ করে ফুটবলপ্রেমীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
এলাকাবাসী জানান, বিশ্বকাপ ফুটবলকে ঘিরে দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে উন্মাদনা বিরাজ করে। সেই আনন্দকে আরও প্রাণবন্ত করতে এবং খেলাধুলার প্রতি তরুণদের আগ্রহ বাড়াতে তারা নিজ উদ্যোগে এই সাজসজ্জার আয়োজন করেছেন।
স্থানীয়রা আরও বলেন, খেলাধুলা মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধি করে। আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে বন্ধুত্বপূর্ণ পরিবেশ বজায় রেখে বিশ্বকাপের আনন্দ সবাই মিলে উপভোগ করাই তাদের মূল লক্ষ্য।
সাততুল্লা ব্রিজের এ ব্যতিক্রমী সাজ ইতোমধ্যে আশপাশের এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকেই সেখানে গিয়ে ছবি তুলছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তা শেয়ার করছেন। বিশ্বকাপ যত ঘনিয়ে আসছে, ততই এলাকাজুড়ে বাড়ছে ফুটবল উন্মাদনা।