নিজস্ব প্রতিনিধি:
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা নদীতে গরুবাহী একটি ট্রলার ডুবে ২৩টি কোরবানির গরুসহ এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় সাঁতরে তীরে উঠে প্রাণে বাঁচেন ১৪ জন পাইকার ও ৫টি গরু।
সোমবার (২৫ মে) দুপুর আড়াইটার দিকে পদ্মা সেতুর ১৫ নম্বর পিলারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ ব্যবসায়ীর নাম আইয়ুব আলী (৪৫)। তিনি ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার সালিপুর গ্রামের মৃত আব্দুল মিস্ত্রির ছেলে।
নৌ পুলিশ সূত্রে জানা যায়, ফরিদপুরের চরভদ্রাসন এলাকা থেকে ১৫ জন গরু ব্যবসায়ী ২৮টি কোরবানির গরু নিয়ে ঢাকার কেরাণীগঞ্জের পশুর হাটে বিক্রির উদ্দেশ্যে রওনা হন। পথে পদ্মা নদীতে হঠাৎ কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়।
মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ইলিয়াস জানান, দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় বেশ কয়েকজন পাইকার তীরে উঠতে সক্ষম হন। তবে আইয়ুব আলী এখনো নিখোঁজ রয়েছেন।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে লৌহজং ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু পদ্মা নদীর তীব্র স্রোতের কারণে উদ্ধার কাজে বিঘ্ন ঘটে। নিখোঁজ গরু ব্যবসায়ীকে উদ্ধারে মঙ্গলবার আবারও ডুবুরি দল অভিযান পরিচালনা করবে।