লিটন মাহমুদ,মুন্সীগঞ্জ
বাংলাদেশের ফুটবলের প্রতি মানুষের ভালোবাসা ও উচ্ছ্বাস দেখে মুগ্ধ হয়েছেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেছেন, ‘একদিন বাংলাদেশও ফুটবল বিশ্বকাপে খেলবে।’
শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জের শিমুলিয়া সংলগ্ন পদ্মাপাড়ে স্থানীয় ফুটবলপ্রেমী ও আর্জেন্টিনা সমর্থকদের সঙ্গে এক প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেন রাষ্ট্রদূত। তার আগমনকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
রাষ্ট্রদূতকে একনজর দেখতে জেলার বিভিন্ন এলাকা থেকে শত শত আর্জেন্টিনা সমর্থক শিমুলিয়া ঘাটে ভিড় জমান।
খেলা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্সেলো
কার্লোস সেসা বলেন, “এখানে সবার সঙ্গে সময় কাটাতে পেরে আমি সত্যিই আনন্দিত। আমি আশা করি, বাংলাদেশ ফুটবল চর্চা অব্যাহত রাখবে এবং একদিন ফুটবল বিশ্বকাপের আসরে অংশ নেবে।”
প্রীতি ম্যাচ শেষে তিনি ইঞ্জিনচালিত নৌকায় পদ্মা নদী ভ্রমণ করেন এবং নদীর মনোরম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন। পরে উপস্থিত সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও দীর্ঘ সময় ফটোসেশনে অংশ নেন।
এ সময় অনুষ্ঠানে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী উপস্থিত ছিলেন।