ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার দ্বি-বার্ষিক জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ২০২৭-২৮ সেশনের জন্য নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৯টায় মুন্সীগঞ্জের রয়েল পার্টি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা শাখার সভাপতি মাওলানা মুফতি শাহাদাত হোসাইন লস্করপুরীর সভাপতিত্বে এবং সেক্রেটারি গাজী মুহাম্মদ রফিকুল ইসলামের সঞ্চালনায় সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, “জাতির কাঙ্ক্ষিত মুক্তি ও সফলতা সুনিশ্চিত করতে হলে ইসলাম প্রতিষ্ঠা ছাড়া কোনো বিকল্প নেই। একমাত্র ইসলামই নিশ্চিত করতে পারে মানবজাতির কাঙ্ক্ষিত মুক্তি ও সফলতা।”
সম্মেলনের শেষপর্বে ২০২৫-২৬ সেশনের জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে ২০২৭-২৮ সেশনের জন্য মুফতি শাহাদাত হোসেন লস্করপুরীকে সভাপতি এবং মুফতি মোহাম্মদ সানাউল্লাহ কাসেমীকে সেক্রেটারি মনোনীত করে নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব আলহাজ্ব ইঞ্জিনিয়ার কে এম আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মাওলানা মো. আরিফুল ইসলাম এবং সদস্য (সমাজকল্যাণ বিষয়ক) আলহাজ্ব আব্দুর রহমান।
সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।