অপারেশন ডেভিল হান্টের অভিযানে মুন্সীগঞ্জের সিরাজদিখানে সাবেক ছাত্রলীগ নেতা পারভেজ চোকদার পাপ্পুকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার রশুনিয়া ইউনিয়নের চোকদার পাড়া তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। সে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, সিরাজদিখান থানা ও সহকারি পুলিশ সুপারের কার্যালয় ভাংচুরের ঘটনায় উস্কানিদাতা হিসেবে চিহ্নিত হওয়ার পর অভিযান চালিয়ে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পারভেজ চোকদার পাপ্পুকে গ্রেপ্তার করে পুলিশ।
প্রসঙ্গত: গত ১২ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে নিখোঁজ অটোরিকশা চালক ও স্কুল ছাত্র রোমান শেখের (১৫) সন্ধান চেয়ে পূর্ব ঘোষিত মানববন্ধন শেষে মিছিল থেকে সিরাজদিখান থানা ও পাশের এএসপির কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর করা হয়। এ ঘটনায় ওইদিন রাতেই সিরাজদিখান থানায় মামলা দায়ের করা হয়েছে।