মুন্সীগঞ্জ প্রতিনিধি-
মুন্সীগঞ্জে জাতীয় বেতন কমিশন ২০২৫ এর প্রস্তাবনা গেজেট আকারে প্রকাশ ও দ্রুত বাস্তবায়নের দাবিতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) মুন্সীগঞ্জ জেলা শাখা।
আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী-এর কাছে এ স্মারকলিপি প্রদান করেন কালেক্টরেট সহকারী সমিতির সভাপতি মো. সাইদুর রহমানসহ সকল সদস্যবৃন্দ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয় ২০১৫ সালে ৮ম পে-স্কেল ঘোষণার পর দীর্ঘ প্রায় এক দশক অতিক্রান্ত হলেও নতুন বেতন কাঠামো প্রণয়ন না হওয়ায় নিম্ন বেতনভুক্ত বিপুলসংখ্যক সরকারি কর্মচারী আর্থিকভাবে মারাত্মক সংকটে পড়েছে। একই বাজার ব্যবস্থায় জীবনযাপনের ব্যয় সকল কর্মচারীর জন্য সমান হলেও বেতন গ্রেড বৈষম্য এখনও প্রকট, যা বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।
৮ম পে-স্কেল কার্যকর হওয়ার পর বহু কর্মচারী নিজ নিজ গ্রেডের সর্বোচ্চ ধাপে পৌঁছে গেছেন। ফলে তাদের বার্ষিক ইনক্রিমেন্ট কার্যত বন্ধ হয়ে গেছে, যা আর্থিক ও মানিসিক উভয় দিক থেকেই নেতিবাচক প্রভাব ফেলছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, গঠিত জাতীয় বেতন কমিশন-২০২৫ কর্তৃক ঘোষিত নির্ধারিত সময়ের মধ্যে ৯ম জাতীয় বেতন স্কেল ঘোষণা ও গেজেট আকারে প্রকাশ এবং ০১ ডিসেম্বর-২০২৫ হতে তা কার্যকরের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্মারকলিপি-তে অনুরোধ জানানো হয়।
এ ব্যাপারে কালেক্টরেট সহকারী সমিতির সভাপতি মো. সাইদুর রহমান বলেন, বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) মুন্সীগঞ্জ জেলা শাখার পক্ষে জাতীয় বেতন কমিশন ২০২৫ এর প্রস্তাবনা গেজেট আকারে প্রকাশ ও দ্রুত বাস্তবায়নের দাবিতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দিয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি।