হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে বিএনপির দলীয় মনোনয়নকে ঘিরে সরব আলোচনা চলছে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে। বিশেষ করে কেন্দ্রীয় বিএনপি নেত্রী শাম্মী আক্তারের সাম্প্রতিক মন্তব্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্ট দলীয় অঙ্গনে ব্যাপক তোলপাড়ের সৃষ্টি করেছে।
স্থানীয় নেতাদের অভিযোগ—মনোনয়ন না পাওয়ার প্রতিক্রিয়ায় তার প্রকাশ্য মন্তব্য মাঠের রাজনীতিতে অস্থিরতা তৈরি করছে, যা নির্বাচনী পরিবেশে অস্বস্তি বাড়িয়ে দিয়েছে।
৮৫ শতাংশ নেতাকর্মী মাঠে, ঐক্যবদ্ধ ফয়সলের পক্ষে :মনোনয়ন ঘোষণার পর বিএনপি এবং সহযোগী সংগঠনগুলোর ৮৫ শতাংশ নেতা–কর্মী মনোনীত প্রার্থী সৈয়দ মো. ফয়সল এর পক্ষে মাঠে নেমেছেন। তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে তারা দিন–রাত প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।
স্থানীয়দের ভাষ্য—কেবল হাতে গোনা কয়েকজন বাদে পুরো এলাকা এখন নির্বাচনমুখী, পরিচালনায় গতি ফিরেছে বিএনপির মাঠের রাজনীতিতে।
শাম্মীর অবস্থান ঘিরে বাড়ছে উদ্বেগ :মনোনয়ন বঞ্চনার পর শাম্মী আক্তার ও তার ঘনিষ্ঠদের কয়েকটি পোস্ট এলাকায় “অসন্তোষ ও ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ” হিসেবে দেখা হচ্ছে। সচেতন মহলের আশঙ্কা—এ ধরনের মন্তব্য অব্যাহত থাকলে নির্বাচনী মাঠে অযাচিত পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা অস্বীকার করা যায় না।
স্থানীয় নেতাদের সতর্কবার্তা : মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল বলেন,“দলীয় সিদ্ধান্ত মানা সবার সাংগঠনিক দায়িত্ব। অপ্রাসঙ্গিক মন্তব্য নির্বাচনী মাঠে বিরূপ প্রভাব ফেলতে পারে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু বলেন,“সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে মতামত দিলে বিভ্রান্তি ছড়ায়। বিষয়টি দলীয়ভাবে গুরুত্বসহকারে দেখা প্রয়োজন।”
চুনারুঘাট উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু নাঈম মো. হালিম বলেন,
“মাঠের নেতাকর্মীরা মনোনীত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। অযাচিত মন্তব্য পরিস্থিতিকে অস্বস্তিকর করে তুলতে পারে।”
মনোনীত প্রার্থী ফয়সলের প্রতিক্রিয়া :বিএনপির প্রার্থী সৈয়দ মো. ফয়সল বলেন,“যারা বিএনপিকে মন থেকে ভালোবাসে তারা কখনোই দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিহিংসামূলক আচরণ করে না। সবার লক্ষ্য হচ্ছে ধানের শীষকে বিজয়ী করা।”
শাম্মীর বক্তব্য পাওয়া যায়নি :এ বিষয়ে শাম্মী আক্তারের মন্তব্য জানতে তাকে বারবার ফোন করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি। সংবাদ লেখা পর্যন্ত তার কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।