মুন্সীগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে বৈদ্যুতিক টিউব লাইটে আগুন লাগার ঘটনা ঘটেছে।
শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৭টা ১৫ মিনিটের দিকে হাসপাতালের সাততলা ভবনের পঞ্চম তলায় অবস্থিত ৫ নম্বর শিশু ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট।
এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুন লাগার পর শিশু ওয়ার্ডে ভর্তি রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে রোগীরা নিরাপদে ওয়ার্ড থেকে নেমে আসেন। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে হাসপাতালটি।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, শুক্রবার রাত ৭টা ১৫ মিনিটে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের সেন্ট্রি পোস্টে মুন্সীগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আগুন লাগার খবর আসে। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
তিনি জানান, ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা হাসপাতালের সাততলা ভবনের পঞ্চম তলায় অবস্থিত ৫ নম্বর শিশু ওয়ার্ডের একটি বৈদ্যুতিক টিউব লাইটে আগুন জ্বলতে দেখেন। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় দ্রুত আগুন নির্বাপণ করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগের কারণে টিউব লাইটে আগুনের সূত্রপাত হয়েছে। আগুন টিউব লাইটের মধ্যেই সীমাবদ্ধ ছিল। হাসপাতালের অন্য কোনো স্থানে আগুন ছড়িয়ে পড়েনি।
আগুন লাগার পর শিশু ওয়ার্ডে থাকা রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হলেও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কেউ হতাহত না হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন ছড়িয়ে পড়ার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।