মুন্সীগঞ্জ প্রতিনিধি:
পবিত্র ঈদুল আযহা-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ মে) জেলা প্রশাসকের কার্যালয়, মুন্সীগঞ্জের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম এবং পুলিশ সুপার, মুন্সীগঞ্জ-এর প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন। এছাড়াও বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।
সভায় আসন্ন পবিত্র ঈদুল আযহা উদযাপনকে কেন্দ্র করে ঈদগাহ মাঠের সার্বিক প্রস্তুতি, রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্নতা, আইনশৃঙ্খলা ও নিরাপত্তা জোরদার, মাইকিং ও প্রচার কার্যক্রম, সুপেয় পানির ব্যবস্থা, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, অগ্নি নির্বাপণ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা এবং কোরবানির পশুর হাটে জাল নোট শনাক্তকরণ মেশিন স্থাপনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
এছাড়া ঈদকে কেন্দ্র করে জেলার সর্বত্র নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।