মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পৃথক মাদকবিরোধী অভিযানে ২৩৭ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে লৌহজং থানা পুলিশ। বুধবার (১৩ মে) সকালে হলদিয়া ইউনিয়নের গোয়ালীমান্দ্রা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৯টা ১০ মিনিটের দিকে লৌহজং থানার এসআই (নিঃ) প্রবীর কুমার সরকার সঙ্গীয় ফোর্সসহ গোয়ালীমান্দ্রা বাজার জামে মসজিদের সামনের পাকা সড়কে অভিযান চালিয়ে মো. কিরন শেখ (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেন। এ সময় তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। কিরন শেখ শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকার মৃত ওয়াজেদ শেখের ছেলে।
এদিকে একইদিন সকাল ৯টা ২৫ মিনিটের দিকে এসআই (নিঃ) শাহীন মিয়া সঙ্গীয় ফোর্সসহ গোয়ালীমান্দ্রা এলাকার কুকুটিয়া রোডগামী বাংলালিংক টাওয়ারের সামনের সড়কে অভিযান চালিয়ে মো. আবুল বেপারী (৩৮) নামে আরেক ব্যক্তিকে গ্রেফতার করেন। এ সময় তার কাছ থেকে ৩৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি সিরাজদিখান উপজেলার দক্ষিণ রাজানগর এলাকার মৃত মিয়াজান বেপারীর ছেলে।
পুলিশ জানায়, পৃথক দুই অভিযানে সর্বমোট ২৩৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ জনগণকে অপরাধ ও অপরাধীদের তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।