মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় ফাঁকা বাড়িতে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। রবিবার (১০ মে) সকালে উপজেলার মির্জানগর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম শুভ হাসান (২৮)। তিনি উপজেলার মির্জানগর গ্রামের এছাক বেপারীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুভ হাসান দীর্ঘদিন ধরে মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন এবং মাদকের সঙ্গেও জড়িত ছিলেন বলে জানা গেছে। তিনি স্থানীয় একটি স্যাটেলাইট ক্লিনিকে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কর্মরত ছিলেন। পারিবারিক নানা কারণে তার সঙ্গে পরিবারের দূরত্ব তৈরি হয়েছিল।
পরিবার সূত্রে জানা যায়, গত ৮ মে শুভর বাবা এছাক বেপারী ও মা হাসিনা বেগম তাকে বাড়িতে একা রেখে পাশের লৌহজং উপজেলার মালির অংক গ্রামে মেয়ের শ্বশুরবাড়িতে বেড়াতে যান। রবিবার সকালে মায়ের সঙ্গে শুভর মোবাইল ফোনে কথা হয়। পরে বেলা ১১টার দিকে তারা বাড়িতে ফিরে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান।
পরে জানালা দিয়ে উঁকি দিয়ে তারা দেখতে পান, ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে শুভ ঝুলন্ত অবস্থায় রয়েছেন। পরিবারের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে, তবে ততক্ষণে তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি )মনিরুল হক জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। সুরতহাল শেষে পরিবারের আবেদনের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।