ভ্রাম্যমাণ প্রতিনিধি চট্টগ্রাম:
কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা থেকে বহলতলী পর্যন্ত এলজিইডি’র প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন আরসিসি সড়কে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নির্মাণকাজ শেষ হওয়ার আগেই সদ্য ঢালাই করা অংশে ফাটল দেখা দেওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুরু থেকেই সড়ক নির্মাণ কাজে নানা অনিয়ম পরিলক্ষিত হচ্ছিল। গাইড ওয়ালের সিসি ঢালাইয়ে মিঠা পানির পরিবর্তে লোনা পানি ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ রয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এতে নির্মাণকাজের স্থায়িত্ব নিয়ে শুরু থেকেই প্রশ্ন ওঠে।
এছাড়া নির্ধারিত ১০ ইঞ্চি পুরুত্বের পরিবর্তে প্রায় ৬ থেকে ৮ ইঞ্চি পুরু করে ঢালাই করা হচ্ছে বলেও অভিযোগ স্থানীয়দের। এতে সড়কের মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করছেন তারা।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, গত ১২ এপ্রিল সন্ধ্যায় সড়কের ঢালাই কাজ শেষ হওয়ার পরদিনই (১৩ এপ্রিল) বিভিন্ন স্থানে ফাটল দেখা দেয়। ফাটলের মধ্যে পানি প্রবেশ করতে দেখা গেছে, যা ভবিষ্যতে সড়কের স্থায়িত্বের জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ বিষয়ে চকরিয়া এলজিইডি’র উপসহকারী প্রকৌশলী (এসও) ফরিদ বলেন, “এতে কোনো সমস্যা হবে না।”
এ বিষয়ে এলজিইডি কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সায়েদুজ্জামান সাথে যোগাযোগ করলে “এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।”
স্থানীয় হোসেন অভিযোগ করে বলেন, সরকারি অর্থ ব্যয় করে নিম্নমানের কাজ করা হচ্ছে, যা জনদুর্ভোগ ও অর্থের অপচয়ের শামিল।
তবে স্থানীয়দের দাবি, দ্রুত একটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ এবং নিম্নমানের কাজ পুনরায় সম্পন্ন করা হোক।