মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জ–৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন সৈয়দ মোঃ ফয়সল। দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে ঢাকায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার হাতে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র তুলে দেন।
মনোনয়নের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে মাধবপুর ও চুনারুঘাট উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সমর্থক, চা শ্রমিক এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। অনেকেই এ মনোনয়নকে এলাকার জনআকাঙ্ক্ষার প্রতিফলন বলে মন্তব্য করেন।
বিশেষ করে চা শ্রমিক অধ্যুষিত এলাকাগুলোতে আনন্দ ছিল চোখে পড়ার মতো। তেলিয়াপাড়া চা বাগানের শ্রমিক নেতা ও ইউপি সদস্য সাইমন মর্মু বলেন, মাধবপুর ও চুনারুঘাট উপজেলার ২৩টি চা বাগানের শ্রমিক ও তাদের পরিবার সৈয়দ মোঃ ফয়সলের চূড়ান্ত মনোনয়নে সন্তুষ্ট। তিনি বলেন, “সৈয়দ মোঃ ফয়সল সবসময় চা বাগানের মানুষের পাশে ছিলেন। তার সঙ্গে আমাদের বিশ্বাস ও নিরাপত্তার সম্পর্ক রয়েছে। তাই শ্রমিকদের মধ্যে স্বতঃস্ফূর্ত আনন্দ বিরাজ করছে।”
মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মাহেন্দ্রক্ষণে সৈয়দ মোঃ ফয়সলকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ায় মাধবপুর ও চুনারুঘাটের মানুষ আনন্দিত। তিনি বলেন, “এই সিদ্ধান্ত নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং সাংগঠনিকভাবে বিএনপিকে আরও শক্তিশালী করবে।”
মাধবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাংবাদিক আলাউদ্দিন রনি বলেন, সৈয়দ মোঃ ফয়সল দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করে আসছেন। তার মনোনয়ন উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দিন সামসু বলেন, বিএনপির এই চূড়ান্ত মনোনয়ন মাঠপর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও উৎসাহ সৃষ্টি করেছে। তিনি বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই ঐক্য বিএনপির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
চূড়ান্ত মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় সৈয়দ মোঃ ফয়সল বলেন, “আমাকে মনোনয়ন দেওয়ায় মাধবপুর ও চুনারুঘাটবাসীর পক্ষ থেকে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য।”
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে ধানের শীষ প্রতীকে সবার দোয়া ও ভোট কামনা করেন তিনি।