মীর মোঃ আব্দুল কাদির, হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জ প্রেসক্লাব সংস্কার আন্দোলনের উদ্যোগে দেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) মাগরিবের নামাজের পর হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে জেলার বিভিন্ন গণমাধ্যমে কাজ করা সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে তিলাওয়াত ও মিলাদ পাঠ করা হয়। পরে দেশ ও জাতির মঙ্গল কামনার পাশাপাশি বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন অনন্তপুর জামে মসজিদের ইমাম ও আলেম সমাজের বিশিষ্ট ব্যক্তি মুফতি সৈয়দ হোসেন বেলালী।
মোনাজাতে ক্লাবের নেতৃবৃন্দ, কর্মরত সাংবাদিকরা এবং সংস্কার আন্দোলনের সংশ্লিষ্ট সদস্যরা অংশ নেন। আয়োজকরা বলেন—বেগম খালেদা জিয়া দেশের অন্যতম শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব; তার সুস্থতা কামনায় এ ধরনের সামাজিক-ধর্মীয় আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠান শেষে সংগঠনের পক্ষ থেকে সকল সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।