
মুন্সীগঞ্জের সিরাজদিখানে পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৫ গ্রাম হেরোইন ও ৮০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা পেট্রোল পাম্পসংলগ্ন পাকা সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিরাজদিখান উপজেলার চালতিপাড়া গ্রামের মৃত মনোয়ার আলীর ছেলে মো. শামীম হোসেন ওরফে পিচ্চি শামীম (২৮) এবং লক্ষীবিলাশ গ্রামের নারায়ণ মণ্ডলের ছেলে নিলয় মণ্ডল (২৩)।
মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমের নির্দেশনায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে এসআই মো. রাকিবুল, এএসআই শিবলী সাদিকসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে ওই দুইজনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ১৫ গ্রাম হেরোইন ও ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশ আরও জানিয়েছে, মুন্সীগঞ্জে চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
পুলিশের আহ্বান: অপরাধ ও অপরাধীদের বিষয়ে তথ্য দিয়ে জেলা পুলিশকে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে। প্রয়োজনে পুলিশ কন্ট্রোল রুমে যোগাযোগ করা যাবে ০১৩২০০৯৪২৯৮ নম্বরে।