নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর (মুন্সীগঞ্জ):
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার আল আমিন বাজার আলোর দিশারী ক্লাব মাঠে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণে এক প্রীতি মিনিবার ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন ২০২৬) রাত ৮টায় অনুষ্ঠিত এ খেলাকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। খেলাটি দেখতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মাঠে উপস্থিত হন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জাসাসের সভাপতি আজম খান, সাধারণ সম্পাদক মো. আলী খান সাগর, ভাগ্যকুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ রানা, বাঘরা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মাতবরসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, জাসাস ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানার-আপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তরুণদের খেলাধুলার মাধ্যমে মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।
স্থানীয়রা জানান, এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও সামাজিক বন্ধন সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।