মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের শ্রীনগরে জাল টাকা তৈরির সময় শ্রাবন হোসেন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এ সময় ২০০ টাকা মূল্যমানের নোটে তৈরি মোট দুই লাখ টাকার জাল নোট, একটি ল্যাপটপ ও একটি কালার প্রিন্টার উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে রোববার (১৮ অক্টোবর) রাত ৯টা ৪৫ মিনিটে শ্রীনগর উপজেলার ভাগ্যকুল মান্দ্রা এলাকার ৮ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই মোহাম্মদ কামরুল হাসান পিপিএম সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান পরিচালনা করেন।
এ সময় মজিবুর রহমানের একতলা ভবনের উত্তর পাশের একটি কক্ষে জাল টাকা তৈরির অবস্থায় শ্রাবন হোসেনকে গ্রেপ্তার করা হয়।