মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জ সদরউপজেলার শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে নজরুল ইসলাম মৃধা ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
রোববার (২ আগস্ট) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন সরকার। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি প্রাক্তন ছাত্র কল্যাণ সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অতিথিদের মধ্যে ছিলেন প্রাক্তন ছাত্র কল্যাণ সমিতির সভাপতি মো. শাহিন মোল্লা, সাবেক সভাপতি সুমন মৃধা, সহ-সভাপতি আব্দুল জলিল মৃধা ও খলিলুর রহমান, সহ-সাধারণ সম্পাদক ওমর সানি, সালাউদ্দীন মোল্লা ও ফিরোজ জমাদার, ক্রীড়া সম্পাদক আব্দুল আলীম ভূঁইয়া, আল আমিন বেপারীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তির নগদ অর্থ ও স্কুল ব্যাগ তুলে দেওয়া হয়। একই সঙ্গে বিদ্যালয়ের শিক্ষকদেরও ব্যাগ প্রদান করা হয়। এছাড়া খলিলুর রহমান রতন ও আব্দুল জলিল মৃধার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে টিফিন বিতরণ করা হয়।
বক্তারা শিক্ষার্থীদের মনোযোগসহকারে পড়াশোনা করে সুশিক্ষিত ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। তারা জানান, শিক্ষার্থীদের পাশে থাকতে ভবিষ্যতেও এ ধরনের শিক্ষা সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।