
মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৮০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার গোয়ালীমান্দ্রা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, পুলিশ সুপার মুন্সীগঞ্জের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নিঃ) আবুল কালাম আজাদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোয়ালীমান্দ্রা এলাকায় অভিযান চালায়।
অভিযানে গোয়ালীমান্দ্রা এলাকার জনৈক সাইদুলের বসতবাড়ির উঠানের দক্ষিণ পাশে রান্নাঘরের সামনে থেকে আব্দুল মান্নান ওরফে মন্টু (৪১) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আব্দুল মান্নান ওরফে মন্টু লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার চরজগবন্ধু এলাকার অলি উল্লাহর ছেলে। তিনি বর্তমানে লৌহজংয়ের গোয়ালীমান্দ্রা এলাকায় সাইদুলের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, মাদক ও অপরাধ নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।