
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার সিডারচর, কলমা, গাওদিয়া, ডহরী, শামুরবাড়ি, বেজগাঁও সংলগ্ন পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণে মঙ্গলবার (১৪ অক্টোবর) পৃথক দুটি অভিযান পরিচালনা করে নিষিদ্ধ সময়ে নদীতে ইলিশ ধরার অপরাধে ১৫ জন জেলেকে আটক করা হয়েছে।
সেই সাথে ১ লাখ ৮০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ মাছসহ আটক করা হয়। আটক জেলেদের বিনাশ্রম ১৫ দিনের কারাদণ্ড দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়। জব্দ জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট এবং মাছ এতিমখানায় বিতরণ করা হয়।
এ তথ্য নিশ্চিত করেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. রেজাউল ইসলাম। অভিযান পরিচালনা করেন জেলা কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ পারভেজ। পরে তিনি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রথম অভিযানে আটক জেলেদের ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হচ্ছেন- হাশেম খানের ছেলে মো. শাহাবুদ্দিন, শাহ আলমের ছেলে মো. সবুজ, লাল মিয়ার ছেলে মো. আবদুল খালেক, ইব্রাহিম আকনের ছেলে মোহাম্মদ আল আমিম, শফি ব্যাপারীর দুই ছেলে মোহাম্মদ শরীফ ও মোহাম্মদ নিরব, আব্দুল খালেকের ছেলে মো. শাহাবুদ্দিন ও হাফেজ মাঝির ছেলে মোহাম্মদ সোহাগ। এছাড়া দ্বিতীয় অভিযানে ৭ জেলেকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলো- মোতালেবের ছেলে মো. আল আমিন, মোস্তফা সর্দারের ছেলে মোহাম্মদ ইসমাইল, আবুল হাসেমের ছেলে মো. দুলাল, জালাল উদ্দিনের ছেলে মো. শিপন, হামেদ মণ্ডলের ছেলে মো. জাহাঙ্গীর, ইমাম হোসেনের ছেলে শেখ আউয়াল ও মো. সরদারের ছেলে মো. জীবন।
ভ্রাম্যমাণ আদালত কার্যক্রমে সহযোগিতা করেন সিনিয়র মৎস্য কার্যালয়, নৌ পুলিশ ও কোস্ট গার্ড।##