স্টাফ রিপোর্টার:
রাজধানীর কদমতলী এলাকা থেকে প্রায় ২৫ হাজার ৫০০ টাকা মূল্যের ৮৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০।
সোমবার (১ জুন) বিকেল আনুমানিক ৩টা ৫ মিনিটে ঢাকার কদমতলী থানাধীন মুরাদপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। র্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০-এর সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত ব্যক্তি মো. সামছুদ্দিন (৪০)। তিনি ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর এলাকার মৃত নাসির উদ্দিনের ছেলে। অভিযানকালে তার কাছ থেকে ৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২৫ হাজার ৫০০ টাকা। এছাড়া মাদক বিক্রির ৩ হাজার ৭০ টাকা নগদ জব্দ করা হয়েছে।
র্যাব জানায়, সামছুদ্দিন দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে রাজধানীর কদমতলীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। তিনি একটি সক্রিয় মাদক চক্রের সদস্য বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
র্যাব-১০ এক বিবৃতিতে জানায়, মাদক সমাজের জন্য ভয়াবহ হুমকি। যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষায় ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে র্যাব বদ্ধপরিকর। মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।