
নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ:
মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁকে পুনরায় দলে ফিরিয়ে নেওয়া হচ্ছে কি না, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
বিশেষ করে নড়াইলের বিএনপি নেতা মনিরুল ইসলামকে বহিষ্কারের প্রায় আট মাস পর দলে ফিরিয়ে নেওয়ার ঘটনায় মহিউদ্দিনের রাজনৈতিক প্রত্যাবর্তনের সম্ভাবনা নিয়ে জোর আলোচনা চলছে।
গত মঙ্গলবার বিকেলে নড়াইল-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বহিষ্কৃত জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁকে পুনরায় দলে ফিরিয়ে নেয় বিএনপি। একই নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিনকেও দল থেকে বহিষ্কার করা হয়েছিল।
২০২৬ সালের জাতীয় নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় মহিউদ্দিনের জেলা বিএনপির সদস্য সচিব পদসহ দলীয় সব পদ কেড়ে নেওয়া হয়। একই কারণে বহিষ্কৃত হয়েছিলেন নড়াইলের মনিরুল ইসলামও।
মনিরুল ইসলামকে দলে ফিরিয়ে নেওয়ার পর মহিউদ্দিনের অনুসারী নেতাকর্মীদের মধ্যেও আশার সঞ্চার হয়েছে। তাঁকে পুনরায় দলে অন্তর্ভুক্ত করার পাশাপাশি আগের সদস্য সচিব পদ ফিরিয়ে দেওয়া হতে পারে—এমন প্রত্যাশা করছেন তাঁর সমর্থকেরা।
এদিকে দলীয় পদ ফিরে পাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন মহিউদ্দিন নিজেও। মঙ্গলবার রাতে আমার বিক্রমপুরকে তিনি বলেন, ‘আমি আরও তিন মাস আগে ক্ষমাপ্রার্থনা করে দলের কাছে আবেদন করেছি। দলীয় পদ ফিরে পাওয়ার ব্যাপারে আমি আশাবাদী।’
তবে মহিউদ্দিনের বহিষ্কারাদেশ প্রত্যাহার কিংবা তাঁকে পুনরায় মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব পদে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। ফলে তাঁর রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে আলোচনা থাকলেও চূড়ান্ত সিদ্ধান্তের জন্য দলীয় ঘোষণার অপেক্ষায় রয়েছেন নেতাকর্মীরা।