মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জ জেলা কারাগারে পরীক্ষামূলকভাবে (টেস্ট অ্যান্ড ট্রায়াল) চালু হয়েছে ক্যাশলেস লেনদেন ব্যবস্থা। এর মাধ্যমে বন্দিরা নগদ অর্থ ব্যবহার ছাড়াই কারাগারের অভ্যন্তরে প্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারবেন।
রোববার (৫ জুলাই) দুপুরে মুন্সীগঞ্জ জেলা কারাগারে নতুন এ সেবার অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাংলাদেশ কারা অধিদপ্তরের মহাপরিদর্শক (আইজি প্রিজনস) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।
তিনি বলেন, বর্তমানে ক্যাশলেস সিস্টেমটি পরীক্ষামূলকভাবে পরিচালিত হচ্ছে। আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে পরীক্ষামূলক কার্যক্রম সফলভাবে সম্পন্ন হলে পর্যায়ক্রমে দেশের অন্যান্য কারাগারেও এটি চালু করা হবে।
তিনি আরও জানান, বন্দিদের পরিবারের সদস্যদের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে যোগাযোগের সুযোগ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বন্দিদের মানসিক সুস্থতা ও পারিবারিক বন্ধন অটুট রাখতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন কারা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক কর্নেল মো. সেলিম, ঢাকা বিভাগের উপ-মহাপরিদর্শক সুরাইয়া আক্তার, মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. এনায়েত উল্লাহ, ভারপ্রাপ্ত জেলার মো. হাসেম রেজা এবং ডেপুটি জেলার মো. মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।