
মুন্সীগঞ্জে সার্ভিকাল ক্যান্সার প্রতিরোধ ও মানবদেহের হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (HPV) টিকাদান কার্যক্রম সফল করতে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ আগস্ট) মুন্সীগঞ্জ সিভিল সার্জনের কার্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডা. সাজেদা বেগম। সভায় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম।
ইউনিসেফের অর্থায়নে আয়োজিত সভার মূল উদ্দেশ্য ছিল নিয়মিত টিকাদান কর্মসূচির সঙ্গে HPV টিকা কার্যক্রমকে আরও কার্যকরভাবে একীভূত করা। সভায় জানানো হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ১০ বছর বা তদূর্ধ্ব বয়সী কিশোরীদের নিয়মিত টিকাদান সেশনের মাধ্যমে HPV টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় আরও জানানো হয়, চলতি বছরের ১ জুলাই থেকে মুন্সীগঞ্জ জেলায় এখন পর্যন্ত ২ হাজার ৬৮৯ জন কিশোরীকে HPV টিকা দেওয়া হয়েছে।
এছাড়া জেলার সব উপজেলা ও পৌরসভা পর্যায়ে টিকাদান কর্মীদের নিজ নিজ ওয়ার্ডে ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের শনাক্ত করে টিকাদান কেন্দ্রে নিবন্ধন সম্পন্ন, টিকা কার্ড ডাউনলোড এবং স্মার্ট হেলথ বিডি ও ই-ট্র্যাকার অ্যাপের মাধ্যমে তথ্য হালনাগাদ করার নির্দেশনা দেওয়া হয়।
সভায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টেকহোল্ডার নিজ নিজ অবস্থান থেকে HPV টিকাদান কর্মসূচি সফল করার বিভিন্ন কৌশল তুলে ধরেন। একই সঙ্গে জরায়ুমুখের (সার্ভিকাল) ক্যান্সারের লক্ষণ, কারণ, বিস্তার, প্রতিরোধ ও চিকিৎসার উপায় এবং এ বিষয়ে সরকারের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন হাসপাতালের চিকিৎসক, ইউনিসেফের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।