
মুন্সীগঞ্জ প্রতিনিধি-
মুন্সীগঞ্জে মোটরসাইকেল চুরির মামলায় এক আসামিকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায় আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর একটার দিকে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গাজী দেলোয়ার হোসেন এর রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী মো. বুলবুল আহম্মেদ।
দণ্ডপ্রাপ্ত আসামি মারুফ শেখ (২২) সিরাজদিখান উপজেলার সাতিয়ানতলী গ্রামের আবদুল হাই শেখের ছেলে। রায় প্রচারের সময় আসামি অনুপস্থিত থাকায় তাহার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারির নির্দেশ দেন আদালত।
মামলা সূত্রে জানা গেছে ২০২২ সালের ৫ জুন বিকেল সাড়ে চারটার দিকে শ্রীনগর উপজেলার বেলতলী জোড়া ব্রিজ সংলগ্ন মা বাবার দোয়া হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে রাস্তার উপর র্যাবের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল সহ পালানোর চেষ্টা গেলে আসামি মারুফ শেখকে আটক করে র্যাব সদস্যরা।
এ সময় মারুফের অসন্তোষজনক আচার-আচরণ ও সন্দেহ হওয়ায় তাকে ঢাকা মেট্রো ল ২১-১৮৫১ নম্বরের মোটরসাইকেল সহ গ্রেফতার করা হয়। আসামি অভ্যাসগত কারণে চোরাই মোটরসাইকেল ক্রয় বিক্রয় করে বলে জানা গেছে। মোটরসাইকেলের বৈধ কাগজপত্র না থাকায় তাকে অত্র মামলা আটক করা হয়।
১০ সিপিসি-২, শ্রীনগর ক্যাম্পের এসআই সুশীল জীবন চাকমা বাদী হয়ে ঘটনার পর দিন শ্রীনগর থানায় মামলা করেন। বিচারিক আদালতের ৫ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামিকে দোষী সাব্যস্ত করে বিচারক এ রায় ঘোষণা করেন।
এ ব্যাপারে রাষ্ট্র পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সুলতানা রোজিনা ইয়াসমিন জানান, মোটরসাইকেল চুরির মামলায় আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে ৩ বছরের কারাদণ্ড সহ জরিমানার রায় দেন। আসামি আদালতে অনুপস্থিত ছিল। আদালতের রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট বলে জানান।