শাহিন মিয়া মুন্সীগঞ্জ প্রতিনিধি
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি শোডাউন করলেন মুন্সীগঞ্জ-৩ আসনে দলের মনোনয়ন প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে মুন্সীগঞ্জ শহরে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এই নির্বাচনি শোডাউন করেন তিনি।
বিকেল ৪টার দিকে শহরের পুরাতন কাচারী এলাকার জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণ থেকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতনের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর থানারপুল এলাকাস্থ দলীয় কার্যালয়ের সামনে ট্রাকমঞ্চে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন মনোনয়ন প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় এই নেতা।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সুলতান আহমেদ, বিএনপি নেত্রী পাপিয়া ইসলামসহ প্রমুখ নেতৃবৃন্দ।
এর আগে বিকেল ৩টা থেকে সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে রতন সমর্থিত বিএনপির নেতাকর্মীরা শহরের শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে জড়ো হন। এরপর বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।