মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জে সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযানে দেশীয় তৈরি পাইপগান ও ডিস্ক ব্রেকের তৈরি কুড়ালসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (৮ আগস্ট) রাত ৯টা ৫৫ মিনিটের দিকে টংগীবাড়ী থানাধীন হাসাইল (ইসলামপুর) এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—মুন্সীগঞ্জ সদর উপজেলার কংশপুরা (মোল্লাকান্দী) এলাকার দীন ইসলামের ছেলে মো. রাজিব সরকার (২৬) এবং টংগীবাড়ী উপজেলার হাসাইল ইসলামপুর এলাকার শাহ আলম কাজীর ছেলে মো. রনি কাজী (২৫)।
মুন্সীগঞ্জ জেলা পুলিশের প্রেস রিলিজে জানানো হয়, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম-এর সার্বিক দিকনির্দেশনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নিঃ) সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
অভিযানে রনি কাজীর বসতঘর থেকে একটি কাঠের বাটযুক্ত দেশীয় তৈরি পাইপগান এবং একটি মোটরসাইকেলের ডিস্ক ব্রেক ও মেটাল পাইপ দিয়ে তৈরি কুড়াল উদ্ধার করা হয়।
পুলিশের তথ্যমতে, উদ্ধার করা পাইপগানটির কৌণিক দূরত্ব ২৪ ইঞ্চি এবং কুড়ালটির দৈর্ঘ্য ২৯ ইঞ্চি।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।