
মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা ও ধর্মীয় সম্প্রীতির দর্শনকে কেন্দ্র করে ‘ধর্মীয় সম্প্রীতির নজরুল’ শীর্ষক আলোচনা সভা, সাহিত্য পাঠ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ আগস্ট) আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশ্রাফী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি, কথাসাহিত্যিক ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মো. লতিফুল ইসলাম শিবলী।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জুবায়ের হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল বাশার, এনএসআইয়ের যুগ্ম পরিচালক কাজী কামাল, সরকারি হরগঙ্গা কলেজের ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মুন্সী সিরাজুল হক, মুন্সীগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নিশাত নাহারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পী ও সংস্কৃতিকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও ধর্মীয় সম্প্রীতির দর্শন নিয়ে আলোচনা করেন। তারা বলেন, নজরুলের বিদ্রোহ ছিল অন্যায়, শোষণ, বৈষম্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে মানবিক পরিচয়কে তিনি সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন। হিন্দু-মুসলমানসহ সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার বার্তা ছড়িয়ে দিয়েছেন তাঁর সাহিত্য ও সৃষ্টিকর্মে।
আলোচনা সভা শেষে কবি নজরুলের সাহিত্য পাঠ প্রতিযোগিতা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উল্লেখ্য, ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত ‘নজরুল বর্ষ’ উদযাপিত হচ্ছে। নজরুলের সাহিত্য, সংগীত ও জীবনদর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা জানান।