মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (১০ মে) বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের গোলাপরায়ের দিঘীরপাড় (মালিরপাথর) এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান চলাকালে ডিবির এসআই মো. ইয়াকুব হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে তোফাজ্জল হোসেনের বসতবাড়ির উঠানে অভিযান চালান। এ সময় মো. আলম (৪৫) নামে একজনকে ২০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
এছাড়া অভিযানের সময় তার বড় ভাই তোফাজ্জল হোসেন (৫৫) পালিয়ে গেলেও তার ফেলে যাওয়া আরও ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত মোট ১ কেজি গাঁজার ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি অপরাধ ও অপরাধীদের তথ্য দিয়ে জনগণকে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।